দেশের অসহায় ও অধিকারবঞ্চিত মানুষের আইনি সহায়তা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ‘বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদ’ নামে নতুন সাংগঠনিক ইউনিট গঠন করেছে বাংলাদেশ সনাতন পার্টি। নবগঠিত পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটিতে নারায়ণগঞ্জের অ্যাডভোকেট তরুন লাল বেগীকে আহ্বায়ক এবং খুলনার অ্যাডভোকেট সফল দাশকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সম্মেলনকক্ষে আয়োজিত সংগঠনটির সম্মেলনে নতুন এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য তিন সদস্য হলেন অ্যাডভোকেট অজয় টিকাকর, অ্যাডভোকেট বিমল চন্দ্র রায় ও অ্যাডভোকেট আকাশ দাস।
অনুপ কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট সুমন কুমার রায়।
আয়োজকদের ভাষ্য, নিপীড়ন ও নির্যাতনের শিকার, অসহায় এবং দুস্থ মানুষের আইনি অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে নবগঠিত পরিষদ। বিশেষ করে আইনগত সহায়তা থেকে বঞ্চিত ব্যক্তিদের পাশে দাঁড়ানো, তাঁদের অধিকার রক্ষায় উদ্যোগ নেওয়া এবং ন্যায়বিচার পেতে সহযোগিতা করাই সংগঠনটির অন্যতম লক্ষ্য।
সম্মেলনে নতুন কমিটির নেতৃত্বে এসব কার্যক্রম এগিয়ে নেওয়ার পাশাপাশি দেশজুড়ে পরিষদের সাংগঠনিক পরিসর বিস্তারের প্রত্যাশা জানানো হয়।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন