দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৯৬ জন।
মঙ্গলবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন
সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো
হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি
হওয়া নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৪৮০ জন ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় (সিটি করপোরেশনের
বাইরে)। এ ছাড়া খুলনা বিভাগে ৩০২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৯৪ জন, চট্টগ্রাম
বিভাগে ২৫২ জন, বরিশাল বিভাগে ২০৪ জন, রাজশাহী বিভাগে ১৯৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে
১৮৭ জন, ময়মনসিংহ বিভাগে ৯৬ জন, রংপুর বিভাগে ৭৫ জন এবং সিলেট বিভাগে ১৮ জন হাসপাতালে
ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছরের ৬ অক্টোবর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে
হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯০ হাজার ৩৫৬ জনে। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ
হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮৪ হাজার ২৯৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র
পেয়েছেন আরও ১ হাজার ৯৬৪ জন ডেঙ্গুরোগী।
অন্যদিকে, নতুন করে ১০ জনের মৃত্যু হওয়ায় চলতি বছরে ডেঙ্গুতে মৃতের
সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮১ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, দেশে সাম্প্রতিক বছরগুলোতে
ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। ওই বছর ডেঙ্গুতে
মৃত্যু হয় ৪১৩ জনের।
এর আগের বছর ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন
১ লাখ ১ হাজার ২১৪ জন। ওই বছর প্রাণ হারান ৫৭৫ জন।
আর ২০২৩ সালে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। সে বছর সারা
দেশে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং মৃত্যু হয়
১ হাজার ৭০৫ জনের।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা ডেঙ্গুর বিস্তার ঠেকাতে এডিস মশার প্রজননস্থল
ধ্বংস, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে
দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্ব দিয়ে আসছেন।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন