নেত্রকোনায় সাংবাদিক লুৎফর জামান আলিফ ফকির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়কে দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সাংবাদিকেরা। হত্যার নেপথ্যের ঘটনা প্রকাশ, জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে তাঁরা মানববন্ধন ও সমাবেশ করেন।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে ফতুল্লা প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।
ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে আয়োজিত সমাবেশ পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম। এতে বক্তব্য দেন বন্দর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মাহফুজ জাহিদ, দৈনিক উজ্জীবিত বাংলাদেশ পত্রিকার সম্পাদক কবিরুল ইসলাম এবং দৈনিক যুগের চিন্তার সাংবাদিক ফরিদ আহমেদ বাঁধন। এ ছাড়া বক্তব্য দেন রফিকুল্লাহ রিপন, মঞ্জুর রহমান বকুল ও মামুনুর রশিদ মুন্না।
কর্মসূচিতে আরও অংশ নেন ফতুল্লা প্রেস ক্লাবের সহসভাপতি পিয়ার চাঁন ও সেলিম মুন্সি, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ, ফতুল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম লিটন, প্রচার সম্পাদক মো. সেলিম, দপ্তর সম্পাদক সুমন, মো. সোহেল রানা, পি এম আজিজসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা।
বক্তারা বলেন, সাংবাদিক হত্যার মতো ঘটনা সমাজে স্বাধীনভাবে সত্য প্রকাশের পরিবেশকে হুমকির মুখে ফেলে। অনিয়ম-দুর্নীতি তুলে ধরা কিংবা অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে কোনো সংবাদকর্মীকে প্রাণ দিতে হলে তা শুধু সাংবাদিক সমাজের জন্য নয়, পুরো গণতান্ত্রিক ব্যবস্থার জন্যও অশনিসংকেত।
তাঁদের মতে, সংবাদকর্মীদের পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিরাপদ রাখা জরুরি। সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও হত্যার ঘটনায় তদন্ত দীর্ঘায়িত না করে দ্রুত অপরাধীদের শনাক্ত করতে হবে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে হবে।
সমাবেশ থেকে আলিফ ফকির হত্যার প্রকৃত কারণ অনুসন্ধান, ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি পুনর্ব্যক্ত করেন সাংবাদিক নেতারা।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন