মশাবাহিত রোগের ঝুঁকি কমানো ও পরিবেশের উন্নয়নে পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন। এর অংশ হিসেবে শিয়াচর এলাকায় ওয়াপদা খালের পাড়ে ১০০টি গাছের চারা লাগানো হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকালে সদর উপজেলার বিভিন্ন স্থানে সাপ্তাহিক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করা হয়। কর্মসূচিতে অংশ নেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।
অভিযান চলাকালে জেলা প্রশাসক আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি মশার বংশবিস্তারের উপযোগী স্থানগুলো ধ্বংস করার ওপর গুরুত্ব দেন। ডেঙ্গুসহ মশাবাহিত রোগের বিস্তার রোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর আহ্বানও জানান তিনি।
পরিচ্ছন্নতা কার্যক্রমের পর শিয়াচর এলাকায় ওয়াপদা খালের পাড়ে ১০০টি গাছের চারা রোপণ করা হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, খালের আশপাশের পরিবেশের উন্নয়ন, সবুজায়ন বাড়ানো এবং স্থানীয় বাসিন্দাদের পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করাই এ উদ্যোগের উদ্দেশ্য।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।
সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গুসহ মশাবাহিত রোগের বিস্তার ঠেকাতে বাড়ির আশপাশ, ড্রেন, নালা ও খালে জমে থাকা পানি সরিয়ে ফেলা জরুরি। পাশাপাশি মশার সম্ভাব্য প্রজননস্থল নিয়মিত পরিষ্কার রাখতে হবে। এ কাজে প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও সক্রিয় ভূমিকা প্রয়োজন।
ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং ডেঙ্গুর বিস্তার প্রতিরোধে উপজেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ চলমান থাকবে। পাশাপাশি রোপণ করা চারার নিয়মিত পরিচর্যা নিশ্চিত করে সবুজ, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নারায়ণগঞ্জ গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন