দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর বৃহস্পতিবার একদিন অতিরিক্ত সরকারি ছুটির প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। এর ফলে দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটি ভোগ করবেন।
সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে
অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২২ অক্টোবর ছুটির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সংশ্লিষ্ট
সূত্রে এ তথ্য জানা গেছে।
সরকারের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ ও
২১ অক্টোবর সরকারি ছুটি রয়েছে। এর মধ্যে ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী
পালিত হবে। তবে ২২ অক্টোবর বৃহস্পতিবার সরকারি অফিস খোলা থাকার কথা ছিল।
মন্ত্রিসভার নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ অক্টোবরও সরকারি ছুটি থাকবে।
এর পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি।
ফলে ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন সরকারি ছুটি কাটানোর সুযোগ পাবেন
সরকারি চাকরিজীবীরা।
এদিকে, চলতি বছর ১০ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা
শুরু হবে। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০
অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।
অতিরিক্ত একদিন ছুটির অনুমোদনের ফলে দুর্গাপূজাকে কেন্দ্র করে সরকারি
চাকরিজীবীদের মধ্যে দীর্ঘ ছুটির আমেজ তৈরি হয়েছে। পাঁচ দিনের টানা ছুটিতে অনেকে পরিবার-পরিজন
নিয়ে বাড়ি যাওয়া কিংবা স্বল্পমেয়াদি ভ্রমণের পরিকল্পনা করতে পারবেন।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন