নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া রেলস্টেশনের সামনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ঢাকাগামী একটি ট্রেনের ছাদে উঠে যাত্রা
করছিল কিশোরটি। ট্রেনটি চাষাঢ়া রেলস্টেশনের সামনে পৌঁছালে রেললাইনের পাশের বৈদ্যুতিক
খুঁটির তারের সংস্পর্শে এসে সে নিচে পড়ে যায়। পরে ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু
হয়।
নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান,
ওই কিশোর ঢাকাগামী ট্রেনের ছাদে উঠে যাচ্ছিল। একপর্যায়ে সে ট্রেন থেকে নিচে পড়ে কাটা
পড়ে মারা যায়। দুর্ঘটনায় তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের
জন্য মর্গে পাঠিয়েছে। নিহত কিশোরের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তার পরিচয় শনাক্তের
চেষ্টা চলছে।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন