নারায়ণগঞ্জ নগরের রবিদাস পাড়ায় টানা পঞ্চমবারের মতো পৃথকভাবে শারদীয় দুর্গাপূজার আয়োজন করেছেন চর্মকার সম্প্রদায়ের সদস্যরা। চাষাঢ়া হকার্স মার্কেটের পেছনের এ এলাকায় উৎসব ঘিরে তৈরি হয়েছে আনন্দঘন পরিবেশ। আয়োজনে সহযোগিতা করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে রবিদাস পাড়ার মাঠে পূজার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সচিব প্রাণ গোপাল দাস, রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ একানন্দ মহারাজ ও সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
অনুষ্ঠানের ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে চর্মকার সম্প্রদায়ের সদস্যদের হাতে উপহারসামগ্রী তুলে দেন খোরশেদ।
এ সময় তিনি বলেন, ধর্ম কিংবা বর্ণের পরিচয় যেন কারও অধিকার ও মর্যাদা পাওয়ার ক্ষেত্রে বাধা না হয়, তা নিশ্চিত করা সবার নৈতিক দায়িত্ব। দুর্গাপূজা একটি ধর্মীয় আয়োজনের পাশাপাশি মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য ছড়িয়ে দেওয়ার উপলক্ষ। দেশের সব ধর্মের মানুষ যাতে নির্ভয়ে ও আনন্দের সঙ্গে নিজ নিজ উৎসব পালন করতে পারেন, সে বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
খোরশেদ আরও বলেন, আর্থিক সংকট কিংবা সামাজিক পরিচয়ের কারণে কোনো মানুষ যেন উৎসবের আনন্দ থেকে দূরে না থাকেন। এ জন্য সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের অসচ্ছল ও পিছিয়ে পড়া মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
উপহার গ্রহণের পর চর্মকার সম্প্রদায়ের নেতা নারায়ণ রবিদাস বলেন, অতীতে বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে তাঁদের সম্প্রদায়ের মানুষ বৈষম্যের মুখে পড়তেন। এমন পরিস্থিতিতে তৎকালীন ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ তাঁদের পাশে দাঁড়ান। তাঁর সাহস ও সরাসরি সহযোগিতায় গত পাঁচ বছর ধরে তাঁরা পৃথকভাবে দুর্গাপূজা আয়োজন করতে পারছেন বলে জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. আশিষ কুমার দে, অ্যাডভোকেট মনিকা দেবী, বিএনপি নেতা আনোয়ার মাহমুদ বকুল, জয়নাল আবেদীন, নাজমুল কবির নাহিদ, শওকত খন্দকার, আনিসুর রহমান নিক্সন, আফজাল হোসেন, রানা মুন্সি, মনির আহমেদ রাসেল, মো. মিঠু, মো. মুসা, মো. ইমন, কুতুবউদ্দিন, মাসুদ খন্দকার, রাজিব মিয়াসহ পূজা উদযাপন কমিটির সদস্যরা।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন