নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এ সময় তিনি ফাউন্ডেশনের কারুপল্লীতে অবস্থিত জামদানি পল্লী ঘুরে দেখেন এবং কারুশিল্পীদের হাতে বোনা জামদানি শাড়ির নান্দনিক কারুকাজ প্রত্যক্ষ করেন।
সোমবার
(১৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে রাষ্ট্রদূত প্রথমে ঐতিহাসিক পানাম নগরী পরিদর্শন
করেন। পরে সকাল ৯টার দিকে তিনি বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে যান।
রাষ্ট্রদূতের
সফরসঙ্গী হিসেবে ছিলেন রাজনৈতিক কর্মকর্তা অ্যালিস কেনেডি, দূতাবাসের মুখপাত্র
পূর্ণিমা রায়, নিরাপত্তা কর্মকর্তা অ্যারিক ওয়েলস, ফরেন সার্ভিস ন্যাশনাল
ইনভেস্টিগেটর শেখ শিবলী এবং ব্যক্তিগত দেহরক্ষী দেলোয়ার হোসাইন।
এ সময়
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম, পানাম নগরীর
সহকারী কাস্টডিয়ান তানজিলুর রহমান, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
মোহাম্মদ আব্দুল বারিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ফাউন্ডেশনের
পরিচালক কাজী মাহবুবুল আলম জানান, জামদানি পল্লী পরিদর্শনকালে রাষ্ট্রদূত
তাঁতশিল্পীদের হাতে বোনা জামদানি শাড়ির নকশা ও কারুকাজ দেখেন। এ সময় তিনি জামদানি
শিল্পের সৌন্দর্য ও কারুশিল্পীদের কাজ দেখে সন্তোষ প্রকাশ করেন।
তিনি আরও
জানান, সময়ের স্বল্পতার কারণে রাষ্ট্রদূত ফাউন্ডেশনের বড় সরদারবাড়ি ও জাদুঘর
পরিদর্শন করতে পারেননি। তবে ভবিষ্যতে আবারও এখানে আসার আগ্রহ প্রকাশ করেছেন।
পানাম
নগরীর সহকারী কাস্টডিয়ান তানজিলুর রহমান বলেন, রাষ্ট্রদূত পরিবারের সদস্যদের নিয়ে
ঘুরতে এসেছিলেন। সফরটি মূলত পারিবারিক ভ্রমণ ছিল। অল্প সময়ের অবস্থানকালে তিনি
পানাম নগরীর ৩৩ নম্বর ভবন থেকে পরিদর্শন শুরু করে ঐতিহাসিক নগরীর বিভিন্ন ভবন ঘুরে
দেখেন। এ সময় পানাম নগরীর পরিবেশ ও পরিচ্ছন্নতা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।
ঐতিহাসিক
স্থাপনা, ঐতিহ্যবাহী কারুশিল্প ও বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য পরিচিত
সোনারগাঁয়ের পানাম নগরী ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন দেশের ইতিহাস-ঐতিহ্য
তুলে ধরার অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। মার্কিন রাষ্ট্রদূতের এ সফরে সোনারগাঁয়ের
ঐতিহাসিক স্থাপনা ও ঐতিহ্যবাহী জামদানি শিল্পের প্রতি তাঁর আগ্রহের বিষয়টি উঠে
আসে।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন