কিশোর গ্যাং, ছিনতাই ও মাদকের বিস্তার রোধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
সোমবার
(১৯ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ নগরীর মিশনপাড়া এলাকার রামকৃষ্ণ মিশন আশ্রমের
পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
আইজিপি
বলেন, দেশে আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশকে সহযোগিতা করতে হবে
সাধারণ মানুষকেও। আইন মেনে চলার পাশাপাশি সমাজ থেকে অপরাধ নির্মূলে সবাইকে সম্মিলিতভাবে
কাজ করার আহ্বান জানান তিনি।
অপরাধীদের
সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার অনুরোধ জানিয়ে মো. আলী হোসেন ফকির বলেন,
‘আপনাদের নিজস্ব এলাকার খারাপ লোক পুলিশের চেয়ে আপনারাই ভালো চেনেন। আমাদের তথ্য
দিন।’
তিনি
বলেন, কিশোর গ্যাং, ছিনতাই ও মাদকের মতো অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় পর্যায়ে সমন্বিত
উদ্যোগ নেওয়া প্রয়োজন। এ লক্ষ্যে ইউএনও ও ওসির নেতৃত্বে কমিটি গঠনের উদ্যোগ নেওয়া
হবে। স্থানীয় মানুষের সহযোগিতা পেলে অপরাধীদের শনাক্ত করা এবং অপরাধপ্রবণতা কমিয়ে
আনা সহজ হবে।
পুলিশ
বাহিনীর বর্তমান পরিস্থিতি নিয়ে আইজিপি বলেন, জুলাই অভ্যুত্থানের পর ৫ আগস্টের
পরবর্তী সময়ে পুলিশ সদস্যদের মধ্যে রাস্তায় দায়িত্ব পালন নিয়ে ভয় ও অনিশ্চয়তা তৈরি
হয়েছিল। সেখান থেকে পুলিশকে ঘুরে দাঁড় করানো হয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে
পুলিশের মনোবল, সক্ষমতা ও দক্ষতা বাড়ানোর জন্য কাজ চলছে।
তিনি বলেন,
নাগরিকেরা যেন নিরাপদে বসবাস করতে পারেন এবং নির্বিঘ্নে চলাচল করতে পারেন, সেটিই
পুলিশের অন্যতম প্রধান লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে পুলিশ ও জনগণের মধ্যে
সহযোগিতাপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা প্রয়োজন।
শারদীয়
দুর্গোৎসবের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে আইজিপি বলেন, বাংলাদেশে দুর্গাপূজা ঘিরে
কোনো হুমকি নেই। তবে কিছু দুষ্টু চক্র পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ
ধরনের অপচেষ্টা সম্পর্কে সতর্ক থাকার পাশাপাশি সন্দেহজনক কার্যক্রমের তথ্য
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি।
আইজিপি
আরও বলেন, প্রতিমা বিসর্জনসহ দুর্গোৎসবের বাকি কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে
সম্পন্ন করা হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান
জানান তিনি।
পূজামণ্ডপ
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া, ঢাকা
রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান
কবির, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জেলা সিআইডির পুলিশ সুপার মো. জাকির
হোসেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার তারেক
আল মেহেদীসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন