নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই
পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, সরকার পরিবর্তন
হলেও দেশে খুন, সন্ত্রাস, দুর্নীতি
ও অর্থ পাচারের মতো অপরাধ বন্ধ হয়নি। বিএনপি ক্ষমতায় আসার পরও আগের সরকারের সময়কার
নানা অনিয়মের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেন তিনি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ নগরীর
চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের বন্দর থানার যুগ্ম সাধারণ
সম্পাদক জাহিদ আল আমিন বুলবুল হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে
নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলন এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে রেজাউল করীম বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দেশের
মানুষ একটি পরিবর্তিত ও নিরাপদ রাষ্ট্রের প্রত্যাশা করেছিল। কিন্তু সেই প্রত্যাশা
এখনো পূরণ হয়নি। তার ভাষ্য, ক্ষমতার পরিবর্তন হলেও
রাষ্ট্র পরিচালনায় আগের সময়ের নানা অনিয়ম ও অপরাধের চিত্র পুরোপুরি বদলায়নি।
জাহিদ আল আমিন বুলবুল হত্যার প্রসঙ্গে তিনি বলেন, হত্যাকাণ্ডের
সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। বিচার না
হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, সরকার এ বিষয়ে গড়িমসি করলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সমাবেশে জ্বালানি তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধির বিষয়েও
বক্তব্য দেন ইসলামী আন্দোলনের আমির। তিনি বলেন, জ্বালানি পণ্যের দাম বাড়ায় সাধারণ
মানুষের ওপর জীবনযাত্রার ব্যয়ের চাপ বাড়ছে। এ পরিস্থিতিতে জনগণের স্বার্থ বিবেচনায়
নিয়ে সরকারকে কার্যকর ও জনবান্ধব সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের
মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনটির
কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন।
নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা
মুহাম্মদ দ্বীন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সংগঠনটির মহানগর ও বিভিন্ন
পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন