বুধবার (২৩ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ
সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কাছে পাঠানো এক চিঠিতে তিনি দ্রুত
সড়ক সংস্কারের কাজ শুরু করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়ার পাশাপাশি
ব্যর্থ হলে চুক্তি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
চিঠিতে সংসদ সদস্য উল্লেখ
করেন, বন্দর থানার নবীগঞ্জ বাসস্টেশন থেকে মোগড়াপাড়া ডিগ্রি কলেজ পর্যন্ত
সড়কটি সংস্কারের জন্য সওজ অধিদপ্তরের আওতায় ‘মাসুদ হাইটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড’কে
কার্যাদেশ দেওয়া হয়েছে। কিন্তু কার্যাদেশ দেওয়ার পর বেশ কিছু সময় অতিবাহিত হলেও
প্রতিষ্ঠানটি নানা অজুহাতে এখনো কাজ শুরু করেনি।
তিনি আরও জানান, দীর্ঘদিন
সংস্কার না হওয়ায় গুরুত্বপূর্ণ সড়কটির বিভিন্ন অংশ বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও
জরাজীর্ণ হয়ে পড়েছে। প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ এ সড়ক দিয়ে চলাচল করায় দুর্ভোগের
পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হয়েছে।
চিঠিতে বলা হয়, দ্রুত
সংস্কারকাজ শুরু না হলে সড়কটির ক্ষয়ক্ষতি আরও বাড়তে পারে। এতে ভবিষ্যতে স্বাভাবিক
সংস্কারের পরিবর্তে বড় ধরনের পুনর্নির্মাণের প্রয়োজন দেখা দিতে পারে। তাই
জনস্বার্থে বিষয়টি দ্রুত সমাধানের ওপর গুরুত্ব দেন আবুল কালাম।
এ অবস্থায় ঠিকাদারি
প্রতিষ্ঠানকে দ্রুত কাজ শুরুর জন্য কঠোর নির্দেশনা দেওয়ার এবং নির্দেশনা অমান্য
করলে চুক্তির শর্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন তিনি। একই সঙ্গে
দ্রুত সংস্কারকাজ শেষ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
চিঠিটির অনুলিপি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, নারায়ণগঞ্জের
জেলা প্রশাসক এবং বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও পাঠানো হয়েছে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন