তিনি বলেছেন, শিক্ষাক্ষেত্রে
নারীরা এখন আর পিছিয়ে নেই। বিভিন্ন পরীক্ষার ফলাফলেও মেয়েদের সাফল্যের হার
উল্লেখযোগ্য। ভালো ফলাফলের পাশাপাশি নেতৃত্বের গুণাবলি অর্জনের মাধ্যমে নারী
শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)
সকাল ১০টায় নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ আয়োজিত ‘নবীনবরণ ২০২৬’ অনুষ্ঠানে প্রধান
অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাখাওয়াত হোসেন খান বলেন, এই
কলেজের শিক্ষার্থীদের মধ্য থেকেই ভবিষ্যতে মেয়র, সংসদ
সদস্য, মন্ত্রী, এমনকি
প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি হওয়ার মতো নেতৃত্ব তৈরি হবে—এটাই তার প্রত্যাশা।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে
তিনি বলেন, শিক্ষাজীবনের শুরু থেকেই জীবনের লক্ষ্য ঠিক করে এগিয়ে যেতে হবে। এসএসসি
ও এইচএসসি—দুটি ধাপই ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ইন্টারমিডিয়েটে ভালো
ফলাফল করতে পারলে উচ্চশিক্ষা ও কর্মজীবনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়।
তিনি আরও বলেন, নারীদের
শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে
গড়ে তুলতে হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও
শিক্ষার্থীদের যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ছাত্রীদের ক্রিকেট
প্রশিক্ষণের জন্য সিটি করপোরেশনের উদ্যোগে একজন নারী ক্রিকেট কোচ নিয়োগের ঘোষণা
দেন নাসিক প্রশাসক। ওই কোচ কলেজ মাঠে নিয়মিত ছাত্রীদের প্রশিক্ষণ দেবেন বলে জানান
তিনি।
এ ছাড়া কলেজের বিভিন্ন
অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনার কথাও তুলে ধরেন সাখাওয়াত হোসেন খান। এর মধ্যে
রয়েছে ভেঙে ফেলা পুরোনো গেটের স্থানে নতুন আধুনিক গেট নির্মাণ, অভিভাবকদের
বসার জন্য টিনশেড তৈরি, রাতে চলাচলের জন্য পর্যাপ্ত আলোর
ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন এবং উন্নতমানের নারী পাবলিক
টয়লেট নির্মাণ।
শিক্ষার্থীদের দেশের প্রতি
দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবকিছুর আগে দেশকে অগ্রাধিকার
দিতে হবে। ‘সবার আগে বাংলাদেশ’—এই চেতনাকে ধারণ করে শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে
পড়াশোনা করতে হবে।
নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর
মোহাম্মদ সালাউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক শাহাবুদ্দিন।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন