শুক্রবার (২৫ সেপ্টেম্বর)
বিকেল ৪টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে জেলা ও মহানগর গণসংহতি আন্দোলনের
উদ্যোগে এ কর্মসূচি পালনের কথা জানানো হয়েছে।
সংগঠনটির নেতারা বলছেন, জ্বালানি
তেলের দাম বাড়ার প্রভাব সাধারণ মানুষের দৈনন্দিন ব্যয়ের ওপর পড়বে। এর সঙ্গে সরকারি
সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আগেই ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া বাড়ানোয় যাত্রীদের ওপর
অতিরিক্ত চাপ তৈরি হয়েছে।
গণসংহতি আন্দোলনের অভিযোগ, ঢাকা-নারায়ণগঞ্জ
রুটে আগে নির্ধারিত ভাড়ার বাইরে গত ২৩ এপ্রিল থেকেই অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে।
সম্প্রতি প্রতি যাত্রীর ভাড়া আরও ৫ টাকা বাড়ানো হয়েছে। শিক্ষার্থীদের জন্য হাফ
পাসের নিয়ম থাকলেও তাদের কাছ থেকেও ৪০ টাকা করে নেওয়ার অভিযোগ করেছে সংগঠনটি।
বাসভাড়া বৃদ্ধির বিষয়টি নিয়ে
বুধবার জেলা প্রশাসনের কাছে নিজেদের বক্তব্য তুলে ধরেছেন বলে জানান সংগঠনটির
নেতারা। তাদের দাবি,
অভিযোগ জানানোর পরও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা
নেওয়া হয়নি।
তাদের ভাষ্য, নির্ধারিত
ভাড়ার বাইরে অতিরিক্ত আদায়ের বিরুদ্ধে প্রশাসন আগে থেকেই কঠোর পদক্ষেপ নিলে বাস
মালিকদের ইচ্ছেমতো ভাড়া বাড়ানোর সুযোগ তৈরি হতো না।
শুক্রবারের কর্মসূচিতে গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ
জেলা ও মহানগরের নেতারা বক্তব্য দেবেন। একই সঙ্গে বর্ধিত বাসভাড়া প্রত্যাহার ও
যাত্রীদের ওপর অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের দাবিতে সর্বস্তরের মানুষকে কর্মসূচিতে
অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন