নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, আমাদের স্লোগান একটাই দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ; সবার আগে বাংলাদেশ। তিনি অভিযোগ করেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে আওয়ামী লীগ ‘গুপ্ত সংগঠনকে’ ব্যবহার করে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নগরীর হোসিয়ারি অ্যাসোসিয়েশনের
সামনে নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির উদ্যোগে আয়োজিত ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে
অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্যে
তিনি এসব কথা বলেন।
সমাবেশে সাখাওয়াত হোসেন খান বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা ও অরাজকতা
মেনে নেওয়া হবে না। জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করা হবে বলেও মন্তব্য
করেন তিনি।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সাধারণ অধিবেশনে
দেওয়া ভাষণে বিশ্বশান্তি, ফিলিস্তিনের স্বাধীনতা এবং রোহিঙ্গা সংকটের সমাধান নিয়ে গুরুত্বপূর্ণ
রূপরেখা তুলে ধরেছেন। এ জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি অভিনন্দন জানান।
নারায়ণগঞ্জের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ টেনে সাখাওয়াত
দাবি করেন, বন্দরে কয়েক দিন আগে ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের অধিকাংশই
স্থানীয় বাসিন্দা নন। তার অভিযোগ, বহিরাগতদের এনে বন্দর এলাকাকে অস্থিতিশীল করার চেষ্টা
চলছে।
তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান
জানিয়ে অভিযোগ করেন, অতীতে একটি নিষিদ্ধ সংগঠনকে রাজনৈতিকভাবে প্রশ্রয় দেওয়া হয়েছিল
এবং এখন সেই শক্তিকে ব্যবহার করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চলছে। বিষয়টি
তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক
অ্যাডভোকেট এইচ এম আনোয়ারের সঞ্চালনায় সমাবেশে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ
খান টিপু, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, জাকির হোসেন, মনির হোসেন খান, ফতেহ মোহাম্মদ
রেজা রিপন, আহ্বায়ক কমিটির সদস্য ডা. মুজিবুর রহমান, সাবেক ছাত্রনেতা সরকার আলমসহ বিএনপি
ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে নেতাকর্মীরা নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের করেন।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন