নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিবন্ধন ছাড়া মাংস বিক্রির দায়ে ছয় ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভুলতা এলাকায় উপজেলা প্রাণিসম্পদ
দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী
ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মারজানুর রহমান। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সজল
কুমার দাসসহ প্রাণিসম্পদ দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সজল কুমার দাস জানান, রূপগঞ্জের
বিভিন্ন এলাকায় নিয়মনীতি না মেনে মাংস বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছিল। এর পরিপ্রেক্ষিতে
শুক্রবার সকালে ভুলতা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
তিনি বলেন, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ অনুযায়ী
নিবন্ধন ছাড়া মাংস বিক্রির অপরাধে ছয় ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা করে মোট ৩০ হাজার
টাকা জরিমানা করা হয়েছে।
ডা. সজল কুমার দাস আরও জানান, জনস্বাস্থ্য সুরক্ষা এবং মাংসের মান
নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন