ঢাকা-নারায়ণগঞ্জ পথে
যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তুলে ভাড়া পুনর্নির্ধারণের দাবি
জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা। সংগঠনটির পক্ষ থেকে নন-এসি
বাসে সর্বোচ্চ ৫৫ টাকা এবং শিক্ষার্থীদের জন্য ৩০ টাকা ভাড়া নির্ধারণের প্রস্তাব
দেওয়া হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর)
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি উত্থাপন করেন সংগঠনটির জেলা আহ্বায়ক সাইফুল
ইসলাম ও সাধারণ সম্পাদক নাছিমা সরদার।
বিবৃতিতে নেতারা অভিযোগ করেন, নির্ধারিত
ভাড়ার সঙ্গে মিল না রেখে বিভিন্ন পরিবহন যাত্রীদের কাছ থেকে বাড়তি টাকা আদায় করছে।
বিশেষ করে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে এ ধরনের ভাড়া আদায়ে শিক্ষার্থী ও স্বল্প আয়ের
যাত্রীরা বেশি চাপে পড়ছেন বলে দাবি তাদের।
সংগঠনটির দেওয়া হিসাব তুলে
ধরে বলা হয়, গত ২৩ সেপ্টেম্বর বিআরটিএ নতুন ভাড়া নির্ধারণ করে। এতে নারায়ণগঞ্জসহ ছয়
জেলার অভ্যন্তরীণ সড়কে বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৪৩ পয়সা থেকে
বাড়িয়ে ২ টাকা ৬০ পয়সা করা হয়েছে।
ছাত্র ফ্রন্টের হিসাব
অনুযায়ী, ঢাকা থেকে নারায়ণগঞ্জের ১৯ কিলোমিটার পথের নতুন ভাড়া দাঁড়ায় ৪৯ টাকা ৪০
পয়সা। এর সঙ্গে ফ্লাইওভার ব্যবহারের ৫ টাকা টোল যুক্ত করলে মোট আসে ৫৪ টাকা ৪০
পয়সা। এ কারণে তারা যাত্রীপ্রতি ৫৫ টাকা ভাড়া নির্ধারণের দাবি জানিয়েছে।
তবে সংগঠনটির অভিযোগ, নতুন
ভাড়া কার্যকর হওয়ার আগেই উৎসব ও বন্ধন পরিবহন এ পথে ৬০ টাকা ভাড়া নেওয়া শুরু করে।
এর ফলে সরকারি ভাড়া নির্ধারণের বিষয়টি নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে
বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এর আগে প্রতি কিলোমিটারে ২
টাকা ৪৩ পয়সা হিসাবে ১৯ কিলোমিটারের ভাড়া ছিল ৪৬ টাকা ১৭ পয়সা। এর সঙ্গে ৫ টাকা
টোল যোগ করলে মোট ভাড়া দাঁড়ায় ৫১ টাকা ১৭ পয়সা। কিন্তু সে সময়ও ৫৫ টাকা নেওয়া
হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।
বিবৃতিতে বলা হয়, গণপরিবহনে
প্রতিদিন বিপুলসংখ্যক শিক্ষার্থী, চাকরিজীবী ও নিম্নআয়ের
মানুষ যাতায়াত করেন। তাই সরকারি নির্ধারিত ভাড়ার বাইরে অর্থ আদায়ের সুযোগ বন্ধ
করতে হবে এবং শিক্ষার্থীদের জন্য আলাদা সহনীয় ভাড়া নিশ্চিত করতে হবে।
এ অবস্থায় ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নন-এসি বাসের ভাড়া
সর্বোচ্চ ৫৫ টাকা,
শিক্ষার্থীদের ভাড়া ৩০ টাকা নির্ধারণ এবং অতিরিক্ত ভাড়া আদায়ের
সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র
ফ্রন্ট।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন