নারায়ণগঞ্জের চাষাঢ়ায় অভিযান
চালিয়ে এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। পুলিশের দাবি, ওই নারীর
শরীরের ভেতরে বিশেষ কায়দায় রাখা ৪০টি প্যাকেট থেকে ২ হাজার ইয়াবা উদ্ধার করা
হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) ভোর
সাড়ে ৬টার দিকে শহীদ জিয়া হলের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন
কক্সবাজারের টেকনাফের আসমা বেগম (৪৫), ফিরোজ আলম (৪৫) ও মো. সাবের (৩২)।
পুলিশ জানায়, গোপন
সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে আসমা বেগমকে আটক করা হয়। পরে তাকে
জিজ্ঞাসাবাদের পাশাপাশি মেডিকেল পরীক্ষা ও এক্স-রে করানো হয়। এতে তার শরীরের ভেতরে
মাদক থাকার তথ্য পাওয়ার পর নারী পুলিশ সদস্যদের উপস্থিতিতে তাকে তল্লাশি করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, পরে আসমা
বেগমের শরীর থেকে বিশেষভাবে কস্টেপ দিয়ে মোড়ানো ৪০টি প্যাকেট বের করা হয়। প্রতিটি
প্যাকেটে ৫০টি করে মোট ২ হাজার ইয়াবা ছিল বলে দাবি পুলিশের।
রোববার আয়োজিত এক প্রেস
ব্রিফিংয়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, গোপন
তথ্যের ভিত্তিতে ওই নারীকে আটক করা হয়েছিল। পরবর্তী সময়ে মেডিকেল পরীক্ষা ও
এক্স-রের মাধ্যমে শরীরের ভেতরে ইয়াবা থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর বিশেষ
প্রক্রিয়ায় সেগুলো উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, উদ্ধার
করা ইয়াবাগুলো পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। তবে এ বিষয়ে বিস্তারিত তদন্তের
পর আরও তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে
মামলা করা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন