নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে
একটি প্রাইভেটকার থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারের মামলায় আলমগীর ওরফে আলমগীর
ড্রাইভার নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০
হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা পরিশোধ না করলে আরও ছয় মাসের সশ্রম
কারাদণ্ড ভোগ করতে হবে।
বুধবার (৩০ সেপ্টেম্বর)
দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দেলোয়ার হোসেন আসামির উপস্থিতিতে এ
রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ।
দণ্ডপ্রাপ্ত আলমগীরের বয়স ৩০
বছর। তিনি চট্টগ্রামের লোহাগড়া উপজেলার আমিরাবাদ এলাকার মো. তৈয়বের ছেলে।
মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের
১৮ জানুয়ারি সোনারগাঁয়ের মোগড়াপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের একটি
চেকপোস্ট বসানো হয়। সেখানে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৩৮ হাজার ২০০ পিস
ইয়াবা উদ্ধার করা হয়। সে সময় জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছিল ১
কোটি ১৪ লাখ ৬০ হাজার টাকা।
এ ঘটনায় আলমগীরকে
প্রাইভেটকারটির চালক হিসেবে অভিযুক্ত করে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ
আইনে মামলা করে পুলিশ।
পরে মামলাটির তদন্ত শেষে ২০২২ সালের ৩১ মার্চ
আলমগীরকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। বিচার
চলাকালে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড
দেন বলে জানান আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন