নারায়ণগঞ্জের ফতুল্লায় হত্যা, অস্ত্র,
মাদক ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে করা ১৫টির বেশি মামলার আসামি
সেলিম ওরফে ‘কসাই সেলিম’কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর)
দুপুরে মাসদাইর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সেলিম মাসদাইর
বাজার এলাকার নাসির কসাইয়ের ছেলে। পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে তাকে
গ্রেপ্তারের চেষ্টা চলছিল।
পুলিশ জানায়, গোপন
সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ২টার দিকে ফতুল্লা মডেল থানার এসআই গাজী শামীম,
রফিকুল ইসলাম (বিপিএম) ও নন্দন সরকার সঙ্গীয় সদস্যদের নিয়ে
মাসদাইর বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। সেখান থেকেই সেলিমকে আটক করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, সেলিমের
বিরুদ্ধে ইমন হত্যা মামলাসহ অস্ত্র, মাদক, চাঁদাবাজি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার অভিযোগে ১৫টির
বেশি মামলা রয়েছে। এছাড়া পুলিশের দাবি, তিনি ‘জাহিদ
বাহিনী’র প্রধান জাহিদের ঘনিষ্ঠ সহযোগী এবং ওই দলের সক্রিয় সদস্য।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ
সুপার (ক সার্কেল) মো. শামীম বলেন, সেলিমকে পুলিশ দীর্ঘদিন ধরে
খুঁজছিল। মঙ্গলবার মাসদাইর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের তথ্য
অনুযায়ী, তিনি জাহিদ বাহিনীর সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত।
তিনি আরও জানান, জাহিদসহ ওই বাহিনীর অন্যান্য
সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন