দুই ট্রাকের মাঝখানে চাপা
পড়ে প্রাণ হারিয়েছেন নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী ফেরিঘাটের লাইনম্যান আশরাফ
হোসেন আসাদ। সোমবার (৫ অক্টোবর) সকালে যানবাহন পারাপারের সিরিয়াল ঠিক করার সময় এ
দুর্ঘটনা ঘটে।
আশরাফ হোসেন আসাদ বক্তাবলী
ইউনিয়নের পূর্ব গোপালনগর এলাকার হোসেন মিয়ার ছেলে। তিনি স্থানীয় এই ফেরিঘাটে
লাইনম্যান হিসেবে দায়িত্ব পালন করতেন।
ঘাটসংশ্লিষ্টদের সঙ্গে কথা
বলে জানা যায়, সকালে একটি ট্রাক ফেরিতে ওঠার পর পেছন থেকে আরেকটি ট্রাকও ওঠার চেষ্টা
করছিল। তখন যানবাহনের অবস্থান ঠিক করতে ব্যস্ত ছিলেন আশরাফ। দ্বিতীয় ট্রাকটি
ফেরিতে প্রবেশের সময় নিয়ন্ত্রণ হারিয়ে তার দিকে এগিয়ে এলে দুই ট্রাকের মাঝখানে
আটকা পড়েন তিনি।
গুরুতর আহত অবস্থায় তাকে
ফেরিতে থাকা লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা
করেন।
এ দুর্ঘটনার পর ফেরিঘাটের
অবকাঠামো ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, ধলেশ্বরী
নদীর ফেরিঘাটের দুই প্রান্তের সংযোগ সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারহীন। ভাঙাচোরা ও
অসমান সড়কের কারণে ফেরিতে ওঠার সময় যানবাহন নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে।
স্থানীয়দের ভাষ্য, শুধু
সড়কের দুরবস্থাই নয়, ফেরিতে পর্যাপ্ত নিরাপত্তাবেষ্টনী না
থাকায় এর আগেও যানবাহন নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। কয়েক মাস আগে ঘাটের কাছে
ট্রাকের চাপায় আখের রস বিক্রেতার মাদ্রাসাপড়ুয়া সন্তান নিহত হওয়ার ঘটনাও তারা
উল্লেখ করেন।
তারা দ্রুত সংযোগ সড়ক
সংস্কার, ফেরিঘাটে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং
দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। ব্যবস্থা না নেওয়া হলে
আন্দোলনে যাওয়ার কথাও জানান স্থানীয়রা।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
মাহবুব আলম বলেন,
দুর্ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায়
প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন