রূপগঞ্জের ভুলতা ইউনিয়ন
উপস্বাস্থ্য কেন্দ্রের জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শন করে সেটি ভেঙে আধুনিক
চিকিৎসাকেন্দ্র নির্মাণের উদ্যোগের কথা জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য
মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
সোমবার (৫ অক্টোবর) সকাল
সাড়ে ১০টার দিকে কেন্দ্রটিতে গিয়ে চিকিৎসাসেবার পরিবেশ ও অবকাঠামোর বর্তমান
পরিস্থিতি দেখেন তিনি। এ সময় চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও সেবা নিতে
আসা রোগীদের সঙ্গে কথা বলে বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজ নেন।
পরিদর্শন শেষে এমপি দিপু
বলেন, রূপগঞ্জে জনসংখ্যা বাড়ার সঙ্গে সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতেও
রোগীর চাপ বাড়ছে। এ কারণে হাসপাতালগুলোর শয্যা বাড়ানোসহ প্রয়োজনীয় অবকাঠামোগত
উন্নয়ন নিয়ে কাজ চলছে।
তিনি জানান, রোগীদের
পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হচ্ছে। বিশেষজ্ঞ
চিকিৎসকদের মাধ্যমে সেবার সুযোগ তৈরি হওয়ায় হাসপাতালে রোগীর সংখ্যা আগের তুলনায়
দ্বিগুণের বেশি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এ ছাড়া যেসব এলাকায় সরকারি
উপস্বাস্থ্য কেন্দ্রের স্থায়ী ভবন নেই, সেসব স্থানে জমি নির্ধারণ করে
নতুন ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানান সংসদ সদস্য।
ভুলতা কেন্দ্র সম্পর্কে তিনি
বলেন, এখানে মানুষের চাপ অনেক বেশি হলেও বর্তমান ভবনটি ঝুঁকিপূর্ণ। তাই
সরকারি উদ্যোগে ভবনটি পুনর্নির্মাণ করে আধুনিক ও উন্নত হাসপাতাল হিসেবে গড়ে তোলার
সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
ডা. তানসিভ জুবায়েরসহ নারায়ণগঞ্জ জেলা ও রূপগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল,
স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা
উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল
হক রিপন, বাকির হোসেন, আব্বাস
উদ্দিন ভূঁইয়া, শাকিল আহমেদ নুরু, আরিফুল ইসলাম আরিফ, সালাহউদ্দিন দেওয়ান,
কামাল হোসেন, আরিফুজ্জামান ইমন, শফিকুল ইসলাম ও নাহিদ হাসান ভূঁইয়া।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন