শিশু অধিকার দিবস ২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে পৌঁছালে
প্রায় ১৫০ জন শিশু ফুল দিয়ে প্রধানমন্ত্রীকে বরণ করে নেয়। পরে জাতীয় সংগীত পরিবেশনের
মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় প্রধানমন্ত্রী অতিথিদের সঙ্গে নির্ধারিত
আসনে বসেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস
চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান উপস্থিত রয়েছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন মহিলা ও শিশুবিষয়ক
মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
এবারের আয়োজনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত।
শিশুদের অধিকার, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার বার্তা সামনে রেখে বিভিন্ন
কর্মসূচির আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পাশাপাশি
শিশুদের হাতে স্মারক উপহার তুলে দেবেন প্রধানমন্ত্রী। এ ছাড়া বাংলাদেশ শিশু একাডেমির
স্মরণিকা শৈশব-এর মোড়ক উন্মোচন করা হবে।
আয়োজনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের শিশুদের
সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়ের কর্মসূচিও রয়েছে। এ সময় তিনি শিশুদের কথা শুনবেন এবং
তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলবেন।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বাংলাদেশ শিশু একাডেমির শিশু জাদুঘর ভবন
পরিদর্শনে যাবেন। সেখানে ভবনের নিচতলায় স্থাপিত সোলার প্যানেল ও সাব-স্টেশন উদ্বোধন
করার কথা রয়েছে।
বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে এবারের আয়োজনকে বিশেষ
গুরুত্ব দেওয়া হয়েছে। শিশুদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের সৃজনশীল
বিকাশে রাষ্ট্রীয় উদ্যোগ আরও জোরদারের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন