সাইবার অপরাধের তদন্তে দক্ষতা বৃদ্ধি এবং ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আইনগত প্রক্রিয়ায় তথ্য সংগ্রহের বিষয়ে নারায়ণগঞ্জে তদন্তকারী কর্মকর্তাদের জন্য বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘লিগ্যাল প্রসেস ফর ডাটা কালেকশন’ শীর্ষক দিনব্যাপী এ কর্মশালায় সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক অপরাধের তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও অপরাধী শনাক্তকরণের বিভিন্ন কৌশল নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
বৃহস্পতিবার (২০
আগস্ট) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন
করা হয়। কর্মশালার উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর
রহমান মুন্সী।
এতে রিসোর্স পারসন
হিসেবে উপস্থিত ছিলেন সিআইডির সিপিসি শাখার অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মো. খাইরুল
আলম।
দিনব্যাপী
কর্মশালায় নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা, গোয়েন্দা শাখা ও আইসিটি শাখার ২০ জন
উপপরিদর্শক (নিরস্ত্র) এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
কর্মশালায় মেটার
বিভিন্ন প্ল্যাটফর্ম—ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম—থেকে তথ্য ও প্রয়োজনীয়
ডকুমেন্টেশন সংগ্রহের আইনগত প্রক্রিয়া নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি টিকটক ও
গুগল থেকে তথ্য সংগ্রহ এবং মেটা থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের বিভিন্ন দিক তুলে
ধরা হয়।
সাম্প্রতিক সময়ে
সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করে প্রতারণা, হয়রানি ও বিভিন্ন ধরনের সাইবার
অপরাধ বেড়ে যাওয়ায় এসব অপরাধের তদন্তে আধুনিক প্রযুক্তি ও তথ্য বিশ্লেষণের দক্ষতা
বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয় কর্মশালায়।
সংশ্লিষ্টরা জানান,
এ প্রশিক্ষণের মাধ্যমে তদন্তকারী কর্মকর্তারা ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আইনগত
প্রক্রিয়ায় প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, তা বিশ্লেষণ এবং সাইবার অপরাধে জড়িতদের শনাক্ত
করে তাদের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণে আরও দক্ষ হয়ে উঠবেন।
দ্যা প্রেস নিউজ/এসআর
মন্তব্য করুন