নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তালা কাটার যন্ত্র, রামদা, ছুরি, দা, প্লাস, রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। ঘটনাস্থল থেকে ডাকাতদের ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করা হয়।
রোববার (৪ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের
ছোট সাদিপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের স্পাইসি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের বিপরীতে
ঢাকাগামী সড়কে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সোনারগাঁয়ের গোহাট্টা এলাকার মৃত আসাদ মিয়ার
ছেলে পারভেজ (৩৬) ও প্রান্ত (২৮), নাল আলাপদী এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে রোহান (২২),
ছোট সাদিপুর এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে ডালিম (৪৮), আলাপদী এলাকার নজরুল ইসলামের
ছেলে নাজমুল (২৮) এবং কুমিল্লার লাকসাম উপজেলার বাতাখালী এলাকার মনির হোসেনের ছেলে
অন্তর (২৪)। অন্তর বর্তমানে সোনারগাঁয়ের কামারগাঁও এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ জানায়, রাতের নিয়মিত লিমা-৭ ডিউটির সময় সোনারগাঁ থানার উপপরিদর্শক
(এসআই) শিকদার হারুন অর রশিদ সঙ্গীয় ফোর্সসহ মোগড়াপাড়া চৌরাস্তায় অবস্থান করছিলেন।
এ সময় গোপন সংবাদের মাধ্যমে খবর আসে, ৯ থেকে ১০ জনের একটি ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে
ছোট সাদিপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি সিএনজি নিয়ে অবস্থান করছে।
পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে পুলিশের একটি দল ঘটনাস্থলে
অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা দৌড়ে পালানোর চেষ্টা করলে
পুলিশ ছয়জনকে আটক করতে সক্ষম হয়। এ সময় কয়েকজন পালিয়ে যায়।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে একটি তালা কাটার যন্ত্র,
দুটি রামদা, একটি সেলাই রেঞ্চ, একটি ছুরি, একটি প্লাস, একটি দা ও একটি রড উদ্ধার করা
হয়েছে। এছাড়া ঘটনাস্থলে ফেলে যাওয়া নারায়ণগঞ্জ-থ-১১-৫৬৬৫ নম্বরের একটি সিএনজি জব্দ
করা হয়।
এ ঘটনায় সোনারগাঁ থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে একটি মামলা করা
হয়েছে। গ্রেপ্তার ছয়জনকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনার সঙ্গে জড়িত পলাতক অন্য সহযোগীদের গ্রেপ্তারে
অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে। একই সঙ্গে ডাকাতি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে
নারায়ণগঞ্জ জেলা পুলিশের নিয়মিত অভিযান চলমান রয়েছে।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন