যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরনে নেভি ব্লু রঙের একটি স্যুট ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। স্যুটটি বাংলাদেশে তৈরি বলে দাবি করেছেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) ইউনিভার্সাল মেনসওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শরীফ জহির। তাঁর এ দাবির মধ্য দিয়ে আবারও আলোচনায় এসেছে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের সক্ষমতা।
গত ৫ অক্টোবর যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা অঙ্গরাজ্যের গ্র্যান্ড আইল্যান্ডে
‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ শীর্ষক এক সমাবেশে ট্রাম্পকে নেভি ব্লু স্যুটটি পরতে দেখা
যায় বলে জানিয়েছে টেক্সটাইল টাইমস। সমাবেশের একপর্যায়ে তিনি স্যুটের জ্যাকেট খুলে ফেলেন।
এরপর পোশাকটির উৎপাদনকারী দেশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়।
গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের
পরা স্যুটটি সম্ভবত বাংলাদেশ অথবা চীনে তৈরি। যুক্তরাষ্ট্রে উৎপাদনশিল্প ফিরিয়ে আনার
প্রতিশ্রুতি দেওয়া ট্রাম্পের পরনে আমদানি করা পোশাক থাকার বিষয়টিও প্রতিবেদনে আলোচনায়
আসে।
তবে স্যুটটি বাংলাদেশে তৈরি হয়েছে বলে দাবি করেছেন ইউনিভার্সাল মেনসওয়্যার
লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শরীফ জহির। নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে অবস্থিত প্রতিষ্ঠানটির
কারখানায় তৈরি পোশাকের সঙ্গে ট্রাম্পের পরা স্যুটটির সংশ্লিষ্টতার কথা তুলে ধরেন তিনি।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে শরীফ জহির বলেন, একজন ধনকুবের প্রেসিডেন্ট
যখন গর্বের সঙ্গে বাংলাদেশে তৈরি সাশ্রয়ী দামের স্যুট পরেন, তখন তা বাংলাদেশের কারিগরি
দক্ষতা ও সাশ্রয়ী উৎপাদন সক্ষমতার পরিচয় বহন করে।
তিনি আরও বলেন, এ ঘটনা প্রতিষ্ঠানের দক্ষ কর্মীদের জন্য গর্বের মুহূর্ত।
একই সঙ্গে এটি বাংলাদেশের বিশ্বমানের পোশাকশিল্পের সাফল্যেরও প্রতিফলন।
প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ইউনিভার্সাল মেনসওয়্যার লিমিটেড
পুরুষদের স্যুট, জ্যাকেট, ওভারকোট ও ট্রাউজারসহ বিভিন্ন ধরনের পোশাক উৎপাদন করে। প্রায়
পাঁচ লাখ বর্গফুট আয়তনের কারখানাটিতে আধুনিক কাটিং, সেলাই ও প্রেসিং প্রযুক্তি ব্যবহার
করা হয়।
এ ছাড়া কারখানাটিতে স্বয়ংক্রিয় উৎপাদনব্যবস্থার পাশাপাশি পোশাক পরিবহন
ও সংরক্ষণের ক্ষেত্রেও আধুনিক প্রযুক্তি ব্যবহারের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশের তৈরি পোশাকশিল্প দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক বাজারে গুরুত্বপূর্ণ
অবস্থান ধরে রেখেছে। দেশের বিভিন্ন কারখানায় উৎপাদিত পোশাক বিশ্বের নানা দেশের ক্রেতাদের
কাছে পৌঁছাচ্ছে। ট্রাম্পের পরা স্যুটটি বাংলাদেশে তৈরি হয়ে থাকলে তা আন্তর্জাতিক বাজারে
দেশের পোশাকশিল্পের সক্ষমতা তুলে ধরার ক্ষেত্রে নতুন করে আলোচনার সুযোগ তৈরি করবে।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন