নারায়ণগঞ্জে সাত থানা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি, ইয়াবা ও হেরোইন উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) জেলা পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের এসব তথ্য জানানো হয়।
পুলিশের হিসাব অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক ব্যবসার অভিযোগে ৬ জন, মাদকসেবী ৪৮ জন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৩ জন, ছিনতাইয়ের অভিযোগে একজন, নিয়মিত মামলার আসামি ২ জন, অন্যান্য ধারায় ৫ জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ২ জন রয়েছেন।
থানাভিত্তিক অভিযানে সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছেন সোনারগাঁয়ে। সেখানে ১১১ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী, ১৭ মাদকসেবী ও পরোয়ানাভুক্ত দুজনসহ মোট ২২ জনকে আটক করা হয়েছে।
ফতুল্লা মডেল থানা পুলিশ ৩২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী, ১০ মাদকসেবী, পরোয়ানাভুক্ত দুজন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ ১৫ জনকে গ্রেপ্তার করেছে।
বন্দর থানার অভিযানে মাদকসেবনের অভিযোগে ৯ জন, পরোয়ানাভুক্ত একজন এবং নিয়মিত মামলার চার আসামিসহ ১৪ জন আটক হয়েছেন।
সিদ্ধিরগঞ্জে ৫ দশমিক ৫ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। একই থানার অভিযানে বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ একজন, ৯ মাদকসেবী, একজন ছিনতাইকারী এবং পরোয়ানাভুক্ত একজনসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।
রূপগঞ্জে পরোয়ানাভুক্ত সাতজন, একজন মাদকসেবী, অন্যান্য ধারায় একজন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। এ ছাড়া সদর মডেল থানায় মাদকসেবনের অভিযোগে দুজন এবং আড়াইহাজারে নিয়মিত মামলার একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের পাশাপাশি বিশেষ অভিযানও চলমান রয়েছে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন