রোববার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে উত্তর ভূঁইগড় এলাকার একটি পরিত্যক্ত স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, নিহত তরুণীর বয়স আনুমানিক ২০ থেকে ২৪ বছর। তাঁর পরনে ছিল সালোয়ার-কামিজ। পিঠ ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে, তবে প্রাথমিক পর্যবেক্ষণে সেগুলো ছুরিকাঘাতের বলে মনে হয়নি। মুখেও চড়-থাপ্পড়ের আঘাতের চিহ্ন দেখা গেছে।
পুলিশ জানায়, লিংক রোডের পাশে একটি বস্তার ভেতরে মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। এখন পর্যন্ত নিহতের পরিচয় জানা যায়নি; পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ওসি মাহাবুব আলমের ভাষ্য, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গত শনিবার রাতে তরুণীকে হত্যা করা হয়ে থাকতে পারে। হত্যার পর পরিচয় গোপন ও মরদেহ সরিয়ে ফেলার উদ্দেশ্যে বস্তায় ভরে সেখানে ফেলে দেওয়া হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে। তবে তদন্তের অগ্রগতির পরই ঘটনার বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন