নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযানে এক দিনে ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করেছে পুলিশ।
রোববার (১১ অক্টোবর) জেলা পুলিশের প্রকাশিত তথ্যে গ্রেপ্তারের এ হিসাব জানানো হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক বিক্রির অভিযোগে ৭ জন, মাদক সেবনের অভিযোগে ৪৬ জন এবং আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১০ জন রয়েছেন। এ ছাড়া নিয়মিত মামলায় ৩ জন, অন্যান্য ধারায় ৩ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।
জেলার সাতটি থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছেন সোনারগাঁয়ে। সেখানে ২৫ জনকে আটক করা হয়। অন্যদিকে সিদ্ধিরগঞ্জে ১৬ জন, রূপগঞ্জে ৯ জন, বন্দরে ৮ জন, ফতুল্লায় ৬ জন, সদর থানায় ৫ জন এবং আড়াইহাজারে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদক উদ্ধারের পরিসংখ্যানে সিদ্ধিরগঞ্জের অভিযানে ১১০ পিস ইয়াবা, ৭৪ বোতল ফেয়ারডিল ও এক কেজি গাঁজা জব্দের তথ্য দিয়েছে পুলিশ। একই সময়ে সোনারগাঁয়ে পৃথক অভিযানে উদ্ধার করা হয়েছে আরও ১৩০ পিস ইয়াবা।
সব মিলিয়ে ২৪ ঘণ্টার অভিযানে উদ্ধার হওয়া মাদকের পরিমাণ ২৪০ পিস ইয়াবা, ৭৪ বোতল ফেয়ারডিল ও এক কেজি গাঁজা।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন