নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কয়েকটি বিভাগের কার্যক্রম বন্ধ রয়েছে অবকাঠামো উন্নয়নকাজের কারণে। হাসপাতালটিকে ৫০০ শয্যায় উন্নীত করার প্রকল্পের নির্মাণকাজ শেষ হলে এসব বিভাগ আবার চালু হবে বলে আশা করছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। তবে চিকিৎসক ও অন্যান্য জনবলের ঘাটতিও হাসপাতালটির সেবা কার্যক্রমে প্রতিবন্ধকতা তৈরি করছে।
রোববার (১২ অক্টোবর) নগরীর খানপুর হাসপাতালে আয়োজিত একটি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।
আবুল কালাম বলেন, স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দেওয়ার অংশ হিসেবে প্রধানমন্ত্রীর উদ্যোগে হাসপাতালগুলোতে কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটিতে স্থানীয় সংসদ সদস্যদেরও রাখা হয়েছে। খানপুর হাসপাতালের দীর্ঘদিনের সমস্যা ও অব্যবস্থাপনা চিহ্নিত করে সেগুলোর সমাধানে কাজ শুরু হয়েছে। মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিদ্যমান বাধাগুলো দূর করার লক্ষ্যে সভায় বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে এসব সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
হাসপাতালের জনবল ও অবকাঠামো পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, চিকিৎসকসহ প্রয়োজনীয় কর্মীর সংকট রয়েছে। পাশাপাশি ৩০০ শয্যার হাসপাতালটিকে ৫০০ শয্যায় রূপান্তরের কাজ চলায় কয়েকটি বিভাগের কার্যক্রম বন্ধ আছে। ১৫ তলাবিশিষ্ট হাসপাতাল কমপ্লেক্সের সাততলা পর্যন্ত নির্মাণকাজ শেষ হয়েছে। বাকি কাজ দ্রুত সম্পন্ন হলে হাসপাতালটির সক্ষমতা বাড়ানো সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এতে স্থানীয় বাসিন্দারা আরও সহজে ও স্বাচ্ছন্দ্যে চিকিৎসাসেবা নিতে পারবেন।
সভা চলাকালে ডেঙ্গু শনাক্তকরণ ও চিকিৎসা কার্যক্রম জোরদারের অংশ হিসেবে খানপুর হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ৩ হাজার ৭০০টির বেশি পরীক্ষার কিট হস্তান্তর করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে এসব কিট দেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা. এস এম সাখাওয়াত হোসেন, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক শহিদুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মাসুদুল হাসান তাপস, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুর আলম মিয়া, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু এবং সংসদ সদস্য আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউছার আশাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন