তৃণমূল পর্যায়ে ফুটবল ছড়িয়ে দেওয়া এবং প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার লক্ষ্য নিয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলায় আয়োজন করা হচ্ছে ইউএনও গোল্ডকাপ-২০২৬। টুর্নামেন্টে উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি ফুটবল ক্লাবের মোট আটটি দল অংশ নেবে। প্রতিযোগিতার প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে নকআউট পদ্ধতিতে।
সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলা সম্মেলনকক্ষে টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন।
সভায় দলগুলোর অংশগ্রহণ নিশ্চিত করা, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় এবং খেলার মাঠ অনুযায়ী দায়িত্ব বণ্টনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ইউএনও জানান, সাতটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজ নিজ ইউনিয়নের দলের দায়িত্বে থাকবেন। প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলোকে উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে প্রয়োজনীয় খেলার সামগ্রী দেওয়া হবে।
উপজেলায় খেলাধুলার অবকাঠামো বাড়ানোর পরিকল্পনাও তুলে ধরেন এস এম ফয়েজ উদ্দিন। তিনি জানান, সাতটি ইউনিয়নে সাতটি খেলার মাঠ প্রস্তুত করা, প্রতিটি ইউনিয়নে একজন করে লাইসেন্সধারী প্রশিক্ষক নিয়োগ এবং খেলোয়াড়দের জন্য ড্রেসিংরুমের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে।
ফুটবলের বাইরে ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট, সাঁতার, ভলিবল ও টেবিল টেনিসের সুযোগ তৈরির কথাও জানান তিনি।
শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় যুক্ত থাকার ওপর গুরুত্ব দিয়ে ইউএনও বলেন, খেলাধুলা তরুণদের মধ্যে শৃঙ্খলাবোধ গড়ে তুলতে সহায়তা করে। গোল্ডকাপের মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড়দের শনাক্ত করে সামনে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে।
সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, ছাত্র ও যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে সরকারের উদ্যোগ বাস্তবায়নে কাজ করছে উপজেলা ক্রীড়া সংস্থা। এ কার্যক্রমের অংশ হিসেবেই ইউএনও গোল্ডকাপ আয়োজন করা হচ্ছে। নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন ও এর প্রচার বাড়ানো গেলে সাধারণ মানুষের মধ্যেও খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রস্তুতিমূলক সভায় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও ক্রীড়াবিদ মো. সোহেল, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশসহ বিভিন্ন পর্যায়ের ক্রীড়াবিদ ও রাজনৈতিক নেতারা।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন