নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ধারাবাহিক অভিযানে এক দিনে ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে বিভিন্ন মামলার আসামির পাশাপাশি মাদকসেবীও রয়েছেন। অভিযানে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে সোনারগাঁ থানা পুলিশ।
থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক মামলায় একজন রয়েছেন, যাঁর কাছ থেকে ১৫ পিস ইয়াবা পাওয়া গেছে। এ ছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত মামলায় একজন, শিশু বলৎকারের মামলায় একজন, ডাকাতির মামলায় দুজন এবং দস্যুতার মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদের মধ্যে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছয়জন এবং মাদকসেবনের অভিযোগে ২২ জন রয়েছেন। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ ও মাদক নির্মূলের লক্ষ্যে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন