নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিজেদের মধ্যে বিরোধের জেরে গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ আলোচিত সন্ত্রাসী সাহেব আলী মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের এই কর্মকর্তা জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে নিজ দলের সদস্যদের মধ্যে ‘আন্তঃকোন্দল’ থেকে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় সাহেব আলী গুলিবিদ্ধ হয়ে সড়কের পাশের একটি ড্রেনে পড়ে যান। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
তারেক আল মেহেদী আরও জানান, হত্যা, ডাকাতি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাহেব আলীর বিরুদ্ধে ১০টিরও বেশি মামলা রয়েছে। গত বছরও তিনি গ্রেপ্তার হয়েছিলেন। পরে জামিনে মুক্তি পান।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন