স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর সকাল থেকে নবীগঞ্জ এলাকার ওয়াসার পাম্পটি অচল হয়ে পড়ে। এরপর ৩০ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও পাম্পটি সচল না হওয়ায় পুরো এলাকায় খাবার ও ব্যবহার্য পানির সংকট দেখা দিয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, পানি সরবরাহ বন্ধের বিষয়টি জানিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সঙ্গে যোগাযোগ করা হলে দ্রুত পানি সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দেওয়া হচ্ছে। তবে পাম্প মেরামত কিংবা বিকল্প উপায়ে পানি পৌঁছে দেওয়ার কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না।
সংকট মোকাবিলায় জরুরি ভিত্তিতে পানির গাড়ি বা ওয়াটার ট্যাংকার পাঠানোর অনুরোধ জানিয়েও সাড়া মেলেনি বলে দাবি করেছেন স্থানীয়রা। ২৪ নম্বর ওয়ার্ডের সচিবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সমস্যা সমাধানে কর্তৃপক্ষ কাজ করছে। তবে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শহরে পরিচ্ছন্নতাকর্মীরা বর্জ্য অপসারণে ব্যস্ত থাকায় আপাতত পানির গাড়ি পাঠানো সম্ভব হচ্ছে না বলে জানানো হয়েছে।
এ পরিস্থিতিতে ক্ষোভ জানিয়েছেন বাসিন্দারা। তাঁদের বক্তব্য, দীর্ঘ সময় পানি বন্ধ থাকলেও বিকল্প সরবরাহের ব্যবস্থা না করে নানা কারণ দেখানো হচ্ছে। নিয়মিত কর ও ট্যাক্স পরিশোধ করেও জরুরি প্রয়োজনে সেবা না পাওয়ায় তাঁদের মধ্যে অসন্তোষ বাড়ছে।
স্থানীয়দের আরও অভিযোগ, দ্রুত সমাধানের জন্য ওয়াসা ও সিটি করপোরেশনের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও অনেককে পাওয়া যাচ্ছে না।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী (সিভিল) আবদুল্লাহ আল জোবায়ের বলেন, “ঠিক কী কারণে এ সংকট সৃষ্টি হয়েছে, তার বিস্তারিত তথ্য আমার কাছে নেই। তবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এই সমস্যা। আমরা এটা নিয়ে কাজ করছি। আজ রাতেই নবীগঞ্জ ওয়াসার নষ্ট পাম্পটির মেরামতকাজ সম্পন্ন করা হবে। আশা করা যাচ্ছে, আজ রাতের মধ্যেই এলাকাবাসী স্বাভাবিক পানি সরবরাহ ফিরে পাবেন।”
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন