নারায়ণগঞ্জের ভূঁইগড় বাজারে অভিযান চালিয়ে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির প্রমাণ পেয়েছে উপজেলা মৎস্য কার্যালয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাছ ব্যবসায়ী আব্দুছ সালামকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে প্রায় ২৫ কেজি পিরানহা জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভূঁইগড়
বাসস্ট্যান্ডের সংলগ্ন মাছের বাজারে এ অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, বাজারটিতে নিষিদ্ধ পিরানহা বিক্রির
খবর পেয়ে মৎস্য বিভাগের কর্মকর্তারা সেখানে যান। একটি দোকানে তল্লাশি চালানোর পর
বিপুল পরিমাণ পিরানহা মাছের সন্ধান মেলে। পরে মাছগুলো জব্দ করা হয়।
অভিযানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী
ম্যাজিস্ট্রেট মো. তারীফ আল তাওহীদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। নিষিদ্ধ মাছ
বিক্রির দায়ে ব্যবসায়ী আব্দুছ সালামকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো.
আসাদুজ্জামান আসাদ অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। জব্দ করা মাছগুলো
ধ্বংস না করে পরে একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ বলেন, পিরানহা দেশীয় জলজ
প্রাণী ও জীববৈচিত্র্যের জন্য হুমকি তৈরি করতে পারে। এ কারণে বাংলাদেশে মাছটির চাষ
ও বিক্রি নিষিদ্ধ। নিষিদ্ধ মাছের বাজারজাত ঠেকাতে নিয়মিত নজরদারি ও অভিযান চলবে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন