বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল আমিন রিজভী বলেছেন, দেশবিরোধী, গণতন্ত্রবিরোধী ও স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী শক্তির বিরুদ্ধে বিএনপি ও জাতীয়তাবাদী ওলামা দল মাঠে থাকবে এবং সারা দেশে প্রতিরোধ গড়ে তুলবে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল
মোকাররমের উত্তর গেটে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে
অস্থিতিশীল করার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মাওলানা গাজী মো. সেলিম রেজা।
রিজভী বলেন, যারা বাংলাদেশকে উপনিবেশে পরিণত করতে চায়, যারা একটি তাবেদার
রাষ্ট্রে পরিণত করতে চায়, তাদের বিরুদ্ধে রাস্তায় রাস্তায়, মোড়ে মোড়ে এবং পথে-প্রান্তরে
কঠিন ব্যারিকেড গড়ে তোলা হবে।
সমাবেশে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া
বক্তব্যেরও উল্লেখ করেন। রিজভীর দাবি, প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অঙ্গনে শান্তি, কূটনীতি,
শিক্ষা ও মানবতার পক্ষে অবস্থান তুলে ধরেছেন এবং সব দেশের সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে
সম্পর্ক প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।
এ ছাড়া তিনি বলেন, ফিলিস্তিনে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশের
অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মর্যাদার সঙ্গে
নিজ দেশে প্রত্যাবাসনের বিষয়টিও জাতিসংঘে উত্থাপন করা হয়েছে।
রিজভী আরও বলেন, যুদ্ধ ও বৈশ্বিক অস্থিতিশীলতার প্রভাব সাধারণ মানুষের
ওপর পড়ে; এতে খাদ্য, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পায় এবং কর্মসংস্থান
ব্যাহত হয়। তিনি দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও সহিংসতার অভিযোগ তুলে এর বিরুদ্ধে
প্রতিবাদ অব্যাহত রাখার আহ্বান জানান।
সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে জাতীয়তাবাদী ওলামা দলের
উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন