ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বে হতাশাজনক শুরু করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রথমার্ধে দুই গোল হজমের পর দ্বিতীয়ার্ধে কয়েকটি ভালো সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি লাল-সবুজের প্রতিনিধিরা। শেষ পর্যন্ত মালয়েশিয়ার কাছে ৩-০ গোলের ব্যবধানে পরাজয় নিয়ে টুর্নামেন্টের যাত্রা শুরু করেছে বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মালয়েশিয়া। চতুর্থ
মিনিটেই কর্নার থেকে বিপজ্জনক শট নিলে বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ দারুণ
দক্ষতায় বল বাইরে পাঠান।
তবে ১৮তম মিনিটে আর রক্ষা হয়নি। মাঝমাঠ থেকে পাওয়া পাস ধরে ডি-বক্সে
ঢুকে বাংলাদেশের ডিফেন্ডার শাকিল আহাদ তপুকে কাটিয়ে আলতো টোকায় জাল খুঁজে নেন মালয়েশিয়ার
ফরোয়ার্ড আরিফ আইমান। তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।
প্রথমার্ধের শেষ দিকে বাংলাদেশের রক্ষণভাগের ভুল আরও বড় শাস্তি ডেকে
আনে। ৩৮তম মিনিটে তপুর ভুল পাস কাড়েন আরিফ আইমান এবং সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয়
ও দলের দ্বিতীয় গোল করেন তিনি। ২-০ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে থমাস ডুলির শিষ্যরা।
কিন্তু ৫২তম মিনিটে ব্রাজিল-জন্ম নেওয়া মালয়েশিয়ান ফরোয়ার্ড বের্গসন গুস্তাভোর শট গোলরক্ষক
শ্রাবণের হাত ফসকে জালে জড়িয়ে গেলে ব্যবধান দাঁড়ায় ৩-০।
এরপর বাংলাদেশ কয়েকটি আক্রমণ গড়ে তোলে। ৭৬তম মিনিটে ম্যাচের সেরা সুযোগ
পান হামজা চৌধুরী। ডি-বক্সে একা গোলরক্ষকের মুখোমুখি হলেও তার প্রথম শট ঠেকিয়ে দেন
মালয়েশিয়ার গোলকিপার। ফিরতি শটও কর্নারের বিনিময়ে রক্ষা করে মালয়েশিয়া।
বাকি সময়ে আর কোনো গোল না হলে ৩-০ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।
ফলে গ্রুপ পর্বে প্রথম ম্যাচেই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে ডুলির দল।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন