নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তিনি দলীয় নেতাকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থেকে এ ধরনের অপচেষ্টা প্রতিহতের আহ্বান জানান।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নগরীর হোসিয়ারি অ্যাসোসিয়েশনের
সামনে নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির উদ্যোগে আয়োজিত ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে
অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিলে প্রধান বক্তার বক্তব্যে
তিনি এসব কথা বলেন।
বক্তব্যে টিপু আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে তীব্র সমালোচনা
করে অভিযোগ করেন, তারা রাজপথে সরাসরি কর্মসূচি পালনের পরিবর্তে বহিরাগতদের এনে মুখে
মাস্ক পরিয়ে ঝটিকা মিছিলের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী
বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে কেন্দ্র করে বিএনপি দেশের
স্বাধীনতা, ভোটাধিকার ও সার্বভৌমত্ব রক্ষার রাজনীতি করে বলে দাবি করেন।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আবু আল ইউসুফ খান টিপু বলেন, পাড়া-মহল্লা,
মসজিদ-মাদ্রাসা এবং সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় সতর্ক দৃষ্টি রাখতে হবে। একই সঙ্গে
তিনি বলেন, কোনো অবস্থাতেই ফ্যাসিবাদের চক্রান্তকারীদের রাজপথে দাঁড়াতে দেওয়া হবে না।
সদর থানা বিএনপির সভাপতি মো. মাসুদ রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক
অ্যাডভোকেট এইচ এম আনোয়ারের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর
বিএনপির আহ্বায়ক ও সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
এ সময় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, জাকির হোসেন, মনির
হোসেন খান, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, ডা. মুজিবুর রহমান, সাবেক ছাত্রনেতা সরকার আলমসহ
বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন