নারায়ণগঞ্জ নগরের পাইকপাড়া
হরিজন কলোনির বাসিন্দাদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও চিকিৎসা পরামর্শ দিয়েছে
কথন সামাজিক-সাংস্কৃতিক কেন্দ্র। শনিবার সকাল থেকে কয়েক ঘণ্টাব্যাপী এ কার্যক্রমে
স্থানীয় বাসিন্দারা চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল
১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কলোনিতে এ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়। এতে
কথন সামাজিক-সাংস্কৃতিক কেন্দ্রের সদস্যরা উপস্থিত থেকে কার্যক্রমে সহযোগিতা করেন।
কথনের সভাপতি দীপা নাগ
তন্দ্রা এক প্রেস বিবৃতিতে জানান, শ্রমজীবী ও সমাজের পিছিয়ে থাকা মানুষের জন্য
সংগঠনটির সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, সমাজের
অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির পেছনে শ্রমজীবী মানুষের গুরুত্বপূর্ণ অবদান থাকলেও
তাদের অনেকেই ন্যায্য মর্যাদা ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। হরিজন ও দলিত জনগোষ্ঠীও
দীর্ঘদিন ধরে নানা ধরনের বৈষম্য ও বঞ্চনার শিকার।
দীপা নাগ তন্দ্রা বলেন, হরিজন
কলোনির বাসিন্দাদের জন্য কথন সামাজিক-সাংস্কৃতিক কেন্দ্র ১০ টাকা ফি-তে
চিকিৎসাসেবা কার্যক্রম শুরু করেছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার
পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, সমাজের
সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে
কথন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড চালিয়ে যাবে।
স্বাস্থ্যসেবা কার্যক্রমে কথন সামাজিক-সাংস্কৃতিক
কেন্দ্রের উপদেষ্টা সাদেকুল ইসলাম সাদিক, সভাপতি দীপা নাগ তন্দ্রাসহ
সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন