বহিষ্কারের প্রায় তিন মাস পর
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদ ফিরে পেয়েছেন খায়রুল ইসলাম সজীব।
দলীয় সিদ্ধান্তে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে আগের পদেই পুনর্বহাল করেছে
জাতীয়তাবাদী যুবদল। বিষয়টি রোববার (২৭ সেপ্টেম্বর) প্রকাশিত কেন্দ্রীয় যুবদলের
বিজ্ঞপ্তিতেও নিশ্চিত করা হয়েছে।
কেন্দ্রীয় যুবদলের যুগ্ম
সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়ার সই করা বিজ্ঞপ্তিতে বলা
হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শের পরিপন্থী কার্যকলাপের অভিযোগে
এর আগে সজীবকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে
তার আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার
করে তাকে স্বীয় পদে ফিরিয়ে দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় যুবদলের সভাপতি
আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক এবং সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ
সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর আগে গত ২১ জুন সজীবকে
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদসহ দলের প্রাথমিক সদস্যপদ থেকে
বহিষ্কার করা হয়েছিল। তখন কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তিতে তার বিরুদ্ধে ‘নানা
অনিয়মে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের’ কথা উল্লেখ করা হয়। একই সঙ্গে বহিষ্কৃত
নেতার কোনো কর্মকাণ্ডের দায় দল নেবে না এবং নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক
সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।
বহিষ্কারের দিনই রাজধানীর
বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সজীবকে জিজ্ঞাসাবাদের জন্য নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা
পুলিশ হেফাজতে নেয়। পরে তাকে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয় এবং
অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পাঠানো হয় বলে
সে সময় পুলিশ জানিয়েছিল।
প্রায় তিন মাস পর আবেদন বিবেচনায় নিয়ে কেন্দ্রীয়
যুবদলের নতুন সিদ্ধান্তে সজীব আবারও তার আগের সাংগঠনিক পদে ফিরলেন।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন