নারায়ণগঞ্জে মাদক, সন্ত্রাস
ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন
জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। একই সঙ্গে অপরাধীদের বিষয়ে নির্ভরযোগ্য তথ্য
দিয়ে পুলিশকে সহযোগিতা করতে জেলার বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (২৭ সেপ্টেম্বর) জেলা
পুলিশের সাম্প্রতিক অভিযান ও গ্রেপ্তার নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা
বলেন পুলিশ সুপার।
হাবিবুর রহমান বলেন, নারায়ণগঞ্জে
দায়িত্ব নেওয়ার পর থেকেই অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। জেলার
বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালানোর পাশাপাশি অস্ত্রধারী, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং মাদক উদ্ধারের
কার্যক্রম চলছে।
তিনি বলেন, সাধারণ
মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের অন্যতম লক্ষ্য। নারায়ণগঞ্জকে শান্তিপূর্ণ
রাখতে এমন পরিবেশ তৈরি করা প্রয়োজন, যেখানে মানুষ
নির্বিঘ্নে চলাচল করতে পারবেন এবং ব্যবসায়ীরা নিরাপদে তাদের কার্যক্রম পরিচালনা
করতে পারবেন।
অপরাধ দমনে শুধু পুলিশের
অভিযান যথেষ্ট নয় উল্লেখ করে এসপি বলেন, অপরাধীদের সম্পর্কে স্থানীয়ভাবে
যারা তথ্য জানেন, তাদের সহযোগিতা পেলে আইনশৃঙ্খলা
পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব।
তিনি বলেন, “নারায়ণগঞ্জবাসী,
বিভিন্ন পেশাজীবী সংগঠন, সাংবাদিক ও
সচেতন সমাজের কাছে আমাদের অনুরোধ—অপরাধীদের বিষয়ে নির্ভরযোগ্য তথ্য দিয়ে আমাদের
সহযোগিতা করুন।”
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, সাম্প্রতিক
সময়ে জেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ডাকাতি, মাদক
ও অস্ত্রসংক্রান্ত ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে এ
ধরনের অভিযান সামনে আরও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন