রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি ছিল দুই শীর্ষ রাষ্ট্রীয় ব্যক্তিত্বের প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি
তাকে স্বাগত জানান। পরে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন
কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর পরিচয় করিয়ে দেওয়া হয়।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর, জাতিসংঘ সাধারণ
পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশগ্রহণ এবং সফরের ফাঁকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও
সরকারপ্রধান, জাতিসংঘের মহাসচিব, শীর্ষ কর্মকর্তা এবং আন্তর্জাতিক অর্থনৈতিক ও উন্নয়ন
সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত
করেন।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া
প্রধানমন্ত্রীর ভাষণের প্রশংসা করে তাকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি ভাষণটিকে দূরদর্শী,
দৃঢ়প্রত্যয়ী ও দিকনির্দেশনামূলক উল্লেখ করে বলেন, এতে বাংলাদেশের জাতীয় স্বার্থ, জনগণের
আশা-আকাঙ্ক্ষা এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুতে দেশের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা
হয়েছে।
রাষ্ট্রপতি আরও বলেন, প্রধানমন্ত্রীর এই সফর আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের
অবস্থানকে আরও সুসংহত করেছে এবং দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণে তাৎপর্যপূর্ণ
ভূমিকা রেখেছে।
বৈঠকে জাতীয় ও রাষ্ট্রীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়েও
মতবিনিময় হয়। সাক্ষাৎ শেষে বঙ্গভবনে আগমনের জন্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ
জানান।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন