নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে আওয়ামী লীগের ‘নৈরাজ্য ও চক্রান্তের’ প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে জেলা যুবদল।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কাঁচপুর এলাকায় অনুষ্ঠিত সমাবেশে
প্রধান অতিথির বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম
সজিব।
বক্তব্যে তিনি অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা
দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান
তারেক রহমান আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে ইতিবাচকভাবে তুলে ধরার চেষ্টা করছেন,
আর সেই প্রচেষ্টাকে বিতর্কিত করতে ষড়যন্ত্র চলছে।
খায়রুল ইসলাম সজিব আরও বলেন, যারা বোরকা পরে নারায়ণগঞ্জ থেকে পালিয়েছে,
তারা আর কোনো দিন এ দেশে ফিরতে পারবে না। তিনি দাবি করেন, অতীতে যুবদল ও বিএনপির অঙ্গসংগঠনের
নেতা-কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও যেকোনো ধরনের অরাজকতা
মোকাবিলায় তারা রাজপথে থাকবেন।
তিনি আরও বলেন, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ধৈর্যের বাঁধ
ভেঙে গেলে এবং তারা এক ঘণ্টার জন্য রাজপথে নামলে চক্রান্তকারীদের অস্তিত্ব বিলীন হয়ে
যাবে।
সমাবেশে উপস্থিত ছিলেন কাঁচপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোমেন
খান, সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক নুরে
ইয়াসিন নোবেল ও কাউসার আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল হুসাইন,
পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হযরত আলী রানা, পিয়ার হোসেন নয়ন, সোহেল রানা, রাকিব হাসান
ও আবু সালেহ মুসাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
সমাবেশ শেষে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের
কাঁচপুর ব্রিজ এলাকা প্রদক্ষিণ করে কাঁচপুর বাস টার্মিনালে গিয়ে শেষ হয়।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন