নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে
এশিয়ান হাইওয়ের পাশে হাবিবুল্লাহ শেখ (২৩) ওরফে নাসিম নামে এক যুবকের মরদেহ উদ্ধার
করেছে পুলিশ। তাঁর বুকের ডান পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে
জানিয়েছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল
সাড়ে ৬টার দিকে ঢাকা বাইপাসের চেঙ্গাইন এলাকায় অলিম্পিক বিস্কুট ফ্যাক্টরির প্রায়
৩০০ মিটার দক্ষিণে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো
হয়।
নিহত হাবিবুল্লাহ নারায়ণগঞ্জ
সদর থানার দেওভোগ এলাকার মোশারফ হোসেন ও নাজমা বেগমের ছেলে। পরিবারের সদস্যদের
ভাষ্য, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের
হওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
পুলিশ জানায়, রাতের
টহল চলাকালে তালতলা তদন্ত কেন্দ্রের এসআই মামুন ও তাঁর সঙ্গে থাকা সদস্যরা ওই
এলাকায় মরদেহ দেখতে পান। পরে সোনারগাঁ থানার ওসি ও পুলিশ পরিদর্শক এইচ এম জসিম
উদ্দিন ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল করেন। এ সময় বুকের ডান পাশে ধারালো
অস্ত্রের আঘাতের চিহ্ন নজরে আসে।
পরে মরদেহের পকেট থেকে পাওয়া
পরিচয়পত্রের মাধ্যমে তাঁর পরিচয় নিশ্চিত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের
ছোট বোন মিলি আক্তারও মরদেহটি শনাক্ত করেন।
নিহতের ভাগিনা সিফাত জানান, হাবিবুল্লাহ
দেওভোগের একটি মাদ্রাসায় পড়াশোনা করতেন। প্রায় দেড় বছর আগে পড়াশোনা ছেড়ে বাবার
সঙ্গে ইলেকট্রিশিয়ানের কাজ শুরু করেন।
সোনারগাঁয়ের তালতলা তদন্ত
কেন্দ্রের এসআই সেলিম হোসেন জানান, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয়
প্রাথমিক কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ
মর্গে পাঠানো হয়েছে।
সোনারগাঁ থানার ওসি এইচ এম জসিম উদ্দিন জানান, ঘটনার
সঙ্গে কারা জড়িত তা শনাক্ত করতে তদন্ত চলছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান
অব্যাহত রয়েছে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন