পণ্যের মোড়ক হিসেবে
বাধ্যতামূলক পাটজাত বস্তা ব্যবহার না করায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তিন ব্যবসায়ীকে
১৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৪ অক্টোবর) বিকেলে
উপজেলার হাবিবপুর থানা রোড বাজারে অভিযান চালিয়ে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া
হয়। বিকেল ৪টার দিকে শুরু হওয়া অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)
ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকার।
অভিযান পরিচালিত হয় উপজেলা
নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের নির্দেশনায়। এ সময় পণ্যে পাটজাত মোড়কের
বাধ্যতামূলক ব্যবহার আইন,
২০১০-এর ১৪ ধারায় তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা
নেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে
জানা যায়, মেসার্স নিঝুম রাইস এজেন্সির স্বত্বাধিকারী মো. নবী হোসেন, আব্দুর রহমান দুলাল রাইস এজেন্সি এবং সোনারগাঁ খাদ্য ভান্ডারের
স্বত্বাধিকারী সাকিমুল করিম আদনকে পৃথকভাবে ৬ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।
অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে
নির্ধারিত পণ্যের জন্য পাটের বস্তা বা পাটজাত মোড়ক ব্যবহারের নিয়ম মানা হচ্ছে না
বলে দেখতে পান ভ্রাম্যমাণ আদালতের সদস্যরা। পরে আইন অনুযায়ী তাৎক্ষণিকভাবে জরিমানা
করা হয়।
অভিযানে প্রসিকিউটরের
দায়িত্ব পালন করেন নারায়ণগঞ্জ জেলা পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক মো. এনায়েত
হোসেন। অভিযানে সহায়তা করেন সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কম্পিউটার অপারেটর
আতাউর রহমান ও সোনারগাঁ থানা পুলিশের একটি দল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকার জানান, পাটজাত
মোড়কের ব্যবহার নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব মোড়ক ব্যবহারে ব্যবসায়ীদের বাধ্য
করতে অভিযান অব্যাহত থাকবে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন