নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেপ্তার করেছে
পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে সামারি ট্রায়ালের ১৮ আসামি, জিআর ও
সিআর ওয়ারেন্টভুক্ত দুইজন এবং ডাকাতির প্রস্তুতির মামলায় অভিযুক্ত দুজন রয়েছেন।
সোমবার (৫ অক্টোবর) সিদ্ধিরগঞ্জ
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে সুমিলপাড়া
বিহারি ক্যাম্পসহ থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, সামারি
ট্রায়ালে গ্রেপ্তার ১৮ জন হলেন—জয়নাল আবেদীন শুভ (২৫), মাহফুজ
(২০), রিফাত (২১), মইন আহম্মেদ
(২০), রাহাত (২০), বর্ষা মিয়া
বাদশা (২৬), কালু মিয়া (৩২), আকাশ
(২২), আশিক (৩০), তামিম (২৭),
জুয়েল (৪০), হাবিব (৩৮), ফাহিম হাবিব (২০), জোবায়ের হোসেন জিদান (২০),
মোস্তফা কামাল (২৩), ফাহাদ বিন হালিম
(২২), আল-আমিন (৩৫) ও রায়হান হোসেন (২৪)।
এ ছাড়া জিআর ও সিআর
ওয়ারেন্টের ভিত্তিতে লিখন (২১) ও এ কে এম নাজিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
ডাকাতির প্রস্তুতির মামলায়
গ্রেপ্তার দুজন হলেন মো. নাঈম (২৩) ও মো. বিল্লাল (২৪)। নাঈম ভোলার দক্ষিণ আইচা
থানার গাজীর বান এলাকার মোতালেব স্বর্ণকারের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের মিজমিজি
মৌচাক এলাকায় ভাড়া থাকতেন। অপর আসামি বিল্লাল বরগুনার আমতলী থানার কড়ইবুনিয়া
এলাকার নুরুল ইসলামের ছেলে এবং সোনারগাঁয়ের কাঁচপুর বাজার এলাকায় বসবাস করতেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার ২২ জনকে পরবর্তী আইনগত
ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে। মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন