নারায়ণগঞ্জের বন্দরে অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযানে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক সেবনের অভিযোগে ১৩ জন, একটি চুরি মামলার আসামি একজন এবং বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পাঁচজন রয়েছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) বন্দর থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মাদক সেবন, কিশোর গ্যাং, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ এবং অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বিভিন্ন এলাকা থেকে মাদক সেবনের অভিযোগে ১৩ জনকে আটক করা হয়। একই অভিযানে আগের একটি চুরি মামলার এক আসামি এবং বিভিন্ন মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকা আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, অভিযানে গ্রেপ্তার ১৯ জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে পাঠানো হয়েছে।
তিনি জানান, মাদক, কিশোর গ্যাং, ছিনতাইসহ অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে বন্দর থানা পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন