নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডে পানির পাম্প বিকল হয়ে যাওয়ায় টানা ১০ দিন ধরে চরম ভোগান্তিতে পড়েছেন প্রায় ২০ হাজার বাসিন্দা। পরিস্থিতি সামাল দিতে সিটি করপোরেশনের পক্ষ থেকে গাড়িতে করে পানি সরবরাহ করা হলেও স্থানীয়দের প্রয়োজনের তুলনায় তা যথেষ্ট নয়।
পানির সংকট এতটাই তীব্র আকার ধারণ করেছে যে, খাবার পানি সংগ্রহের পাশাপাশি রান্না, গোসল ও অন্যান্য গৃহস্থালির কাজের জন্যও বাসিন্দাদের বিকল্প উৎসের ওপর নির্ভর করতে হচ্ছে। দিনের পাশাপাশি রাতেও পানির সন্ধানে বিভিন্ন এলাকায় ছুটছেন তারা।
৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন মহল্লায় গিয়ে দেখা গেছে, যেসব বাড়িতে সাবমার্সিবল পাম্প রয়েছে, সেসব বাড়ির সামনে পানি সংগ্রহের জন্য দীর্ঘ সারি। কারও হাতে বালতি, কারও হাতে কলস কিংবা অন্য কোনো পাত্র। সামান্য পানি সংগ্রহের আশায় রাতেও এসব বাড়ির সামনে ভিড় করছেন স্থানীয়রা।
বাসিন্দারা জানান, পাম্পটি নষ্ট হওয়ার পর থেকেই ওয়ার্ডে স্বাভাবিক পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। এরপর জরুরি পরিস্থিতি মোকাবিলায় সিটি করপোরেশনের গাড়িতে পানি দেওয়া শুরু হলেও বিপুলসংখ্যক মানুষের চাহিদার তুলনায় সেই পানি খুবই অপ্রতুল।
পানি সংগ্রহ করতে অনেককেই এক মহল্লা থেকে অন্য মহল্লায় যেতে হচ্ছে। বিশেষ করে রাতে বিভিন্ন এলাকায় পানি নিতে মানুষের ভিড় বাড়ছে। এতে দৈনন্দিন কাজ ব্যাহত হওয়ার পাশাপাশি নারী, শিশু ও বয়স্কদের দুর্ভোগও বেড়েছে।
স্থানীয়দের অভিযোগ, ১০ দিন ধরে সংকট চললেও এখনো পানির স্থায়ী সমাধান হয়নি। সাময়িকভাবে গাড়িতে পানি সরবরাহ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হলেও তাতে মানুষের প্রয়োজন মিটছে না।
দ্রুত বিকল পাম্প মেরামত করে ওয়ার্ডে আগের মতো পানি সরবরাহ চালুর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। তাদের প্রত্যাশা, দীর্ঘদিনের এই সংকট নিরসনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন দ্রুত কার্যকর উদ্যোগ নেবে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন