নারায়ণগঞ্জের আড়াইহাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ৬৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের প্রভাকরদী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযানে হাবিবুর রহমান (৩৫) ও আবদুল মতিন (৩৫) নামের দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়। তাদের মধ্যে হাবিবুর রহমানের ‘হাবিবুর অটো হাউজ’কে ১৫ হাজার টাকা এবং আবদুল মতিনের ‘আল নিহাল এন্টারপ্রাইজ’কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
আড়াইহাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন অভিযান পরিচালনা করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বাজারে এলপিজি গ্যাস বেশি দামে বিক্রি করা হচ্ছে—এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় দুই প্রতিষ্ঠানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির প্রমাণ পাওয়া গেলে তাদের অর্থদণ্ড করা হয়।
তিনি আরও জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হলে কয়েকজন ব্যবসায়ী দোকান বন্ধ করে সেখান থেকে সরে যান। ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত দাম নেওয়া ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন