বিপ্লবী প্রীতিলতা
ওয়াদ্দেদারের আত্মত্যাগের স্মরণে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক
অর্পণ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা শাখা। একই সঙ্গে তাঁর সংগ্রামী
আদর্শ থেকে শিক্ষা নিয়ে শোষণ, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে
সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতারা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)
প্রীতিলতার ৯৪তম আত্মাহুতি দিবস উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে
উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক
সুলতানা আক্তার,
নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সাইফুল ইসলাম, সংগঠক আহাম্মেদ রবিন স্বপ্ন, প্রভাতী আক্তার,
লাগারথা লিথি ও মাহিম।
এ সময় নেতারা বলেন, ব্রিটিশ ঔপনিবেশিক
শাসনের বিরুদ্ধে লড়াইয়ে প্রীতিলতা ওয়াদ্দেদার সাহসী ভূমিকা পালন করেছেন। ১৯৩২
সালের ২৪ সেপ্টেম্বর চট্টগ্রামের পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবে পরিচালিত অভিযানে
নেতৃত্ব দেওয়ার পর ব্রিটিশ বাহিনীর হাতে গ্রেপ্তার এড়াতে পটাশিয়াম সায়ানাইড গ্রহণ
করে আত্মাহুতি দেন তিনি।
বক্তারা বলেন, প্রীতিলতার
জীবন দেখিয়েছে স্বাধীনতা ও মুক্তির আন্দোলনে নারীদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ হতে
পারে। তাঁর আত্মত্যাগ শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, বরং
শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামেরও প্রতীক।
তাদের ভাষ্য, যে
স্বাধীন ও বৈষম্যহীন সমাজের প্রত্যাশায় প্রীতিলতারা জীবন উৎসর্গ করেছিলেন, সেই সমাজ এখনো পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। বর্তমান সময়ের সাম্রাজ্যবাদী
শোষণ, সাংস্কৃতিক আগ্রাসন, নারী
নির্যাতন ও বিভিন্ন ধরনের বৈষম্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে তাঁর সংগ্রামী
চেতনা ধারণ করা প্রয়োজন।
নেতারা আরও বলেন, শিক্ষাকে পণ্য হিসেবে বিবেচনা এবং
শিক্ষাপ্রতিষ্ঠানে সাম্প্রদায়িকীকরণের প্রবণতার বিরুদ্ধেও শিক্ষার্থীদের আন্দোলন
অব্যাহত রাখতে হবে। ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ও শিক্ষার্থীদের অধিকার
প্রতিষ্ঠার সংগ্রামে প্রীতিলতার আদর্শ অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন