নারায়ণগঞ্জ-৫ (শহর–বন্দর) আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, আপনাদের পাশেই এমন কিছু দোসর আছে, যারা অতীতে বিএনপিকে সহযোগিতা করেনি। তারা ঘাপটি মেরে নিজেদের স্বার্থ হাসিল করেছে। তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে বন্দরের নবীগঞ্জে নারায়ণগঞ্জ মহানগর
বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশার নেতৃত্বে আয়োজিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আবুল কালাম বলেন, বিএনপির নেতাকর্মীরা দীর্ঘ সময় রাজনৈতিক প্রতিকূলতার
মধ্যে সংগ্রাম করেছেন এবং ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অংশ নিয়েছেন। তিনি দাবি করেন,
দলের বিরুদ্ধে বিভিন্ন সময়ে ষড়যন্ত্র হয়েছে এবং সেই ধরনের পরিস্থিতি যেন পুনরায় সৃষ্টি
না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, আন্দোলনের সময় সংঘটিত
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা উচিত। তিনি বলেন, “যাদের
বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদের বিচার হওয়া উচিত এবং জনরায়ের প্রতি সম্মান দেখাতে হবে।”
সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দলের অবস্থান পুনর্ব্যক্ত করে আবুল
কালাম বলেন, ককটেল বিস্ফোরণসহ সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি
করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে।
আগামী স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি গণতান্ত্রিক
প্রক্রিয়ায় বিশ্বাস করে। সিটি করপোরেশন, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে
দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, শহর ও বন্দরের
মানুষের জন্য দেওয়া উন্নয়ন প্রতিশ্রুতিগুলো আগামী পাঁচ বছরে বাস্তবায়নের চেষ্টা করা
হবে। জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।
সমাবেশে মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত
ছিলেন।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন